অর্থনীতি

মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই প্রস্তাব কোনোভাবেই সামঞ্জস

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই প্রস্তাব কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তারা। একই সঙ্গে সরকারের সরাসরি হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন।

জানা গেছে, মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে। অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে মাত্র ৭০০ টাকা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়।

মালিকপক্ষের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া একই সুরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এমনকি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে-স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। বর্তমান বাজারে সামান্য এই মজুরিতে একজন শ্রমিকের পক্ষে চলা অসম্ভব।”

সরকারের হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, “সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে।”

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষ যে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিয়েছে, তা সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকরা যাতে ন্যূনতম জীবনযাপন করতে এবং সংসার চালাতে পারেন, মজুরি বোর্ড সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অন্যদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমান মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব নাকচ করলেও আলোচনার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখার কথা জানান। তিনি বলেন, “এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই।”

মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির অবস্থান প্রসঙ্গে তৌহিদুর রহমান বলেন, “শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে ২২ হাজার টাকায় নেমে এলেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দিনশেষে আমাদের প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি আদায় করে আনবেন বলে আমি আশাবাদী।”

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ