বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী ও স্বজনের হাতে খুন ৫ নারী ও কন্যাশিশু: জাতিসংঘ
প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারান

প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারান
বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে খুন হচ্ছেন। ২০২৫ সালে এভাবে হত্যার শিকার হয়েছেন প্রায় ৪৭ হাজার নারী ও কন্যাশিশু। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।
নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘ফেমিসাইড ব্রিফ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর প্রায় ৬০ শতাংশ হত্যাকাণ্ড ঘটিয়েছেন ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যরা। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ বলছে, নারী ও কন্যাশিশুর জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান এখনো নিজ ঘর। বছরের পর বছর ধরে এই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি।
২০২৪ সালে সঙ্গী কিংবা পরিবারের সদস্যের হাতে হত্যার শিকার নারী ও কন্যাশিশুর আনুমানিক সংখ্যা ছিল ৫০ হাজার। পরের বছর এই সংখ্যা ৪৭ হাজারে নামলেও তা হত্যাকাণ্ড কমে যাওয়ার প্রমাণ নয়। মূলত তথ্য ও হিসাবপদ্ধতির উন্নতির কারণে এই পার্থক্য তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এ ধরনের হত্যাকাণ্ড থেকে বিশ্বের কোনো অঞ্চলই মুক্ত নয়। তবে জনসংখ্যার অনুপাতে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। মহাদেশটিতে প্রতি লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।
ইউএন উইমেনের মতে, নারী হত্যা সাধারণত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের সহিংসতা, হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পরিণতি। অথচ অধিকাংশ ভুক্তভোগী সহায়তা চান না অথবা প্রয়োজনীয় সুরক্ষা পান না। অন্যদিকে অনেক অপরাধী আজীবন বিচারের বাইরে থেকে যান।
জাতিসংঘের প্রতিবেদনে আরও উঠে এসেছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার কমছে তুলনামূলক ধীরগতিতে। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ আমেরিকায় নারী হত্যার তুলনায় সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমেছে প্রায় দ্বিগুণ গতিতে। ইউরোপে এই ব্যবধান প্রায় দেড় গুণ।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত