আয়রনের ঘাটতি কমাতে খাদ্যাভ্যাসে আনুন ৫ পরিবর্তন
সঠিক খাদ্যাভ্যাস ও রান্নার পদ্ধতিতে পরিবর্তন এনে উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন শোষণ বাড়ানো যায়—বিশেষজ্ঞদের পাঁচটি কার্যকর টিপস।

সঠিক খাদ্যাভ্যাস ও রান্নার পদ্ধতিতে পরিবর্তন এনে উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন শোষণ বাড়ানো সম্ভব
শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে অনেকেই মাংস কিংবা আয়রনসমৃদ্ধ খাবারের ওপর নির্ভর করেন। তবে শুধু কী খাচ্ছেন, তা নয়; খাবার কীভাবে রান্না করছেন এবং কোন খাবারের সঙ্গে কী খাচ্ছেন তার ওপরও নির্ভর করে শরীর কতটা আয়রন শোষণ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস ও রান্নার পদ্ধতিতে পরিবর্তন এনে উদ্ভিজ্জ খাবার থেকেও আয়রন শোষণ বাড়ানো সম্ভব।
আয়রনের ঘাটতি বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ পুষ্টিজনিত ঘাটতিগুলোর একটি। বিশেষ করে শিশু ও প্রজননক্ষম বয়সের নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন অপরিহার্য। হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার মিনারেল মেটাবলিজম বিভাগের অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তশূন্যতা প্রতিরোধের চেষ্টা করা সবচেয়ে ভালো।
উদ্ভিজ্জ খাবারের আয়রন শোষণ তুলনামূলক কম খাবারে সাধারণত দুই ধরনের আয়রন পাওয়া যায় হিম আয়রন ও নন-হিম আয়রন। মাংস ও সামুদ্রিক খাবারে হিম আয়রন এবং উদ্ভিজ্জ খাবারে নন-হিম আয়রন থাকে।
শরীর সাধারণত হিম আয়রন তুলনামূলক সহজে শোষণ করতে পারে। গবেষণা অনুযায়ী, হিম আয়রনের প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ শোষিত হতে পারে। অন্যদিকে শুকনা ডালজাতীয় খাবারের আয়রন প্রায় ২ শতাংশ এবং পাতাযুক্ত সবজির আয়রন প্রায় ৭ থেকে ৯ শতাংশ শোষিত হতে পারে। তবে এসব হার খাদ্যের ধরন ও অন্যান্য উপাদানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।
কিংস কলেজ লন্ডনের পুষ্টিবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা জানান, খরচ, স্বাস্থ্য ও পরিবেশগত কারণে অনেকে লাল মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। তবে বিকল্প আয়রনসমৃদ্ধ খাবার না খেলে শরীরে আয়রনের ঘাটতি তৈরি হতে পারে। আয়রন শোষণ বাড়াতে পাঁচটি উপায়ের কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
১. কিছু শাক সেদ্ধ, কিছু ভাপে রান্না করুন পালংশাক আয়রনসমৃদ্ধ হলেও কাঁচা পালংশাক থেকে শরীর তুলনামূলক কম আয়রন শোষণ করতে পারে। কারণ এতে অক্সালেট নামের একধরনের যৌগ থাকে, যা আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শোষণে বাধা দিতে পারে। পালংশাক সেদ্ধ করলে কিছু অক্সালেট পানিতে বেরিয়ে যায়। ফলে আয়রন শোষণের বাধা কমতে পারে। একই পদ্ধতি সুইস চার্ড ও বিটের পাতার মতো অক্সালেটসমৃদ্ধ শাকের ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে সব শাকসবজির জন্য সেদ্ধ করা প্রয়োজন নেই। লেটুস, বাঁধাকপি ও বক চয়ের মতো সবজি কাঁচা বা ভাপে রান্না করে খেলে ভিটামিন সি বেশি সংরক্ষিত থাকতে পারে, যা আয়রন শোষণে সহায়তা করে।
২. আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খান উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়ানোর কার্যকর উপায়গুলোর একটি হলো ভিটামিন সি-সমৃদ্ধ খাবার একসঙ্গে খাওয়া।
গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি উদ্ভিজ্জ উৎসের নন-হিম আয়রন শোষণে সহায়তা করে।
কিংস কলেজ লন্ডনের ইয়েমিসি লাতুন্দে-দাদা বলেন, উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি অত্যন্ত কার্যকর। তাই আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে লেবুর রস যোগ করা যেতে পারে। সকালের নাশতায় আয়রনসমৃদ্ধ খাবারের পাশাপাশি অল্প পরিমাণ কমলার রসও রাখা যেতে পারে।
৩. গাঁজন করা খাবার বেছে নিন গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়া খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করতে পারে। শস্য, বাদাম ও বীজে ফাইটিক অ্যাসিড নামের একটি প্রাকৃতিক যৌগ থাকে। এটি আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরে শোষণের পরিমাণ কমিয়ে দিতে পারে। গাঁজন প্রক্রিয়ায় ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমতে পারে। ফলে খাবারে থাকা আয়রন শরীরের জন্য তুলনামূলক সহজলভ্য হয়। এ কারণে সাধারণ পাউরুটির পরিবর্তে গাঁজন প্রক্রিয়ায় তৈরি সাওয়ারডো ব্রেড বেছে নেওয়া যেতে পারে। তবে আয়রন শোষণের সুবিধা নির্ভর করে গাঁজনের পদ্ধতি ও খাবারের অন্যান্য উপাদানের ওপর।
৪. শুধু আয়রনযুক্ত প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভর করবেন না বাজারে অনেক পাউরুটি, সিরিয়াল ও প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত আয়রন যুক্ত করা হয়। এগুলোকে আয়রন-ফর্টিফায়েড খাবার বলা হয়। তবে এসব খাবারে আয়রন থাকলেই শরীর তা সমানভাবে শোষণ করতে পারবে, এমন নয়।
অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট জানান, অনেক ফর্টিফায়েড খাবারে এমন ধরনের আয়রন ব্যবহার করা হয়, যা তুলনামূলক কম শোষিত হয়। এসব উপাদান সাধারণত খাবারের স্বাদ, রং ও সংরক্ষণক্ষমতায় কম প্রভাব ফেলে।
এক গবেষণায় দেখা গেছে, আয়রনযুক্ত শিশুখাদ্যের সিরিয়াল থেকে আয়রন শোষণের হার ছিল মাত্র শূন্য দশমিক ৬ থেকে ২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে পরিশোধিত সাদা আটা দিয়ে তৈরি কিছু পাউরুটিতে আয়রন শোষণের হার বেশি পাওয়া গেছে। পৃথক আরেক গবেষণায় এ ধরনের পাউরুটি থেকে আয়রন শোষণের হার ১৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত পাওয়া যায়। তাই শুধু ফর্টিফায়েড খাবারের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের আয়রনসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা প্রয়োজন।
৫. খাবারের সঙ্গে চা-কফি খাওয়ার অভ্যাস বদলান আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা বা কফি পান করলে শরীরে আয়রন শোষণ কমে যেতে পারে। চা ও কফিতে পলিফেনলজাতীয় যৌগ থাকে, যা নন-হিম আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আয়রনসমৃদ্ধ সকালের নাশতার সঙ্গে চা বা কফি পান করলে খাবার থেকে প্রত্যাশিত পরিমাণ আয়রন শোষিত না-ও হতে পারে। অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের পরামর্শ, আয়রন শোষণের সুবিধার্থে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর চা পান করা ভালো।
প্রতিদিন কতটুকু আয়রন প্রয়োজন? যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের নির্দেশনা অনুযায়ী, বয়স ও লিঙ্গভেদে দৈনিক আয়রনের চাহিদা ভিন্ন।
তবে অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ হয় এমন নারীদের আয়রনের চাহিদা বেশি হতে পারে। গর্ভাবস্থাসহ বিশেষ শারীরিক অবস্থায় চাহিদা ও চিকিৎসাগত পরামর্শ ভিন্ন হতে পারে।
আয়রন বেশি খেলেই কি বেশি উপকার? শরীর প্রতিদিন খাবার থেকে গ্রহণ করা মোট আয়রনের একটি অংশ শোষণ করে। অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের মতে, সাধারণ অবস্থায় দৈনিক প্রায় এক থেকে দুই মিলিগ্রাম আয়রন শোষিত হতে পারে, যা শরীর থেকে নিয়মিত হারানো আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে। তবে একসঙ্গে অতিরিক্ত আয়রন গ্রহণ করলে শোষণের হার কমে যেতে পারে। কারণ শরীর আয়রনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাই বিশেষজ্ঞরা সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে দিনের বিভিন্ন সময়ে পরিমিত পরিমাণে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত আয়রন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
আয়রনের ঘাটতির লক্ষণ দেখা দিলে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ আয়রনের ঘাটতি বা রক্তশূন্যতার চিকিৎসায় কখনো কখনো নির্দিষ্ট মাত্রায় আয়রন সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত