জাতীয়

ছাত্র সংসদ নির্বাচন স্থবির কেন

বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান, পরীক্ষা আর সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে চিন্তা, মতপ্রকাশ, বিতর্ক, নেতৃত্ব, সচেতন নাগরিক তৈরির একটা জায়গা। শিক্ষার্থীরা এখানে শুধু পুঁথিগত জ্ঞান অর্জনের জন্য আসে না, তারা সমাজ এবং রাষ্ট্রকে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন।

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
আপডেট:

বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান, পরীক্ষা আর সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে চিন্তা, মতপ্রকাশ, বিতর্ক, নেতৃত্ব, সচেতন নাগরিক তৈরির একটা জায়গা। শিক্ষার্থীরা এখানে শুধু পুঁথিগত জ্ঞান অর্জনের জন্য আসে না, তারা সমাজ এবং রাষ্ট্রকে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন। অথচ এই গুরুত্বপূর্ণ অংশীজনদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনা ও নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ কতটা রয়েছে, সেই প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোর জন্মলগ্ন থেকে ছিল। ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে সম্পর্কিত। একটি কার্যকর সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সেতু হিসেবে কাজ করতে পারে। আবাসন, পরিবহন, লাইব্রেরি, চিকিৎসা, নিরাপত্তা, একাডেমিক পরিবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের দৈনন্দিন নানা সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরার জন্য একটি নির্বাচিত প্ল্যাটফর্ম প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান থেকে সমালোচনা বা কথা বলাটাও শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্ম থেকে শেখেন।

অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ স্থবির থাকার কারণে শিক্ষার্থীদের সমস্যার জায়গাটা ব্যক্তিনির্ভর হয়ে পড়ে। কে প্রশাসনের সঙ্গে কথা বলবে, কে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন করবে বা কোন বিষয়টি অগ্রাধিকার পাবে–এসব বিষয় অনেক সময় প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর নির্ভরশীল না হয়ে অনানুষ্ঠানিক কাঠামোর ওপর নির্ভরশীল হয়ে যায়। যে কারণে শিক্ষার্থীরা নেতৃত্ব শেখা তো অনেক দূর, নিজেদের অধিকারই ঠিকভাবে বুঝে পান না। আবার প্রশাসনকে একপক্ষীয় সিদ্ধান্ত নিতেও দেখা যায়।

অন্যদিকে নিয়মিত নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেয় না, এটি তাদের গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে পরিচিত করে। মতের পার্থক্য কীভাবে গ্রহণ করতে হয়, প্রতিদ্বন্দ্বিতা কীভাবে কর‍তে হয়, পরাজয় কীভাবে মেনে নিতে হয় অথবা পরাজয়ের পরও কীভাবে সবার অধিকার নিয়ে কাজ করা যায়–এ সবকিছুই পাঠ্যবইয়ের বাইরের বিষয়, যা ছাত্র সংসদ নির্বাচন হলে শেখা যায়। ছাত্র সংসদকে তাই দলীয় রাজনীতির বিকল্প হিসেবে না ভেবে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও নেতৃত্ব বিকাশের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে প্রয়োজন এমন একটি গঠনতন্ত্র; যেখানে ক্ষমতার ভারসাম্য, আর্থিক স্বচ্ছতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অধিকারের বিষয় নিশ্চিত থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছাত্র সংসদ নির্বাচন কোনো বিশেষ ব্যক্তি বা সংগঠনের দাবি নয়। এটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের অধিকার। একটি বিশ্ববিদ্যালয় যদি তার গণতান্ত্রিক অধিকার বেছে নেওয়ার সুযোগই না দেয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা কতটা পূর্ণাঙ্গ–সে প্রশ্ন থেকে যায়। তাই এই নির্বাচন হোক নিয়মিত, প্রতিযোগিতা হোক অংশগ্রহণমূলক আর ছাত্র সংসদ হোক শিক্ষার্থীদের কাছে সত্যিকারের জবাবদিহিমূলক প্রতিষ্ঠান।

আবু সাঈদ: গণিত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ট্যাগশিক্ষা

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ