চলমান অস্থিরতায় ১৮ দিনে পোশাকখাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উ

চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উৎপাদন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরে গেছে বলে জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি।
আজ রোববার (২২ নভেম্বর) বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। প্রাথমিক এই জরিপে কারখানাগুলোর আর্থিক ক্ষতির ভয়াবহ চিত্র উঠে এসেছে।
সংস্থাটি জানায়, শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার কারণে উল্লিখিত সময়ে কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।
বিজিএমইএ জানায়, সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের আস্থায় বড় ধরনের চিড় ধরেছে উল্লেখ করে সংগঠনটি জানায়, জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলোর তথ্যমতে, ক্রেতারা ইতিমধ্যেই তাদের নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক উল্লেখ করে বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক, অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও অনেক বেশি।
কেবল তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয় উল্লেখ করে বিজিএমইএ বলছে, এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর, যা ইতিমধ্যেই অন্য দেশে ব্যাপকভাবে ক্রয়াদেশ সরে যাওয়ার মধ্য দিয়ে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে।
দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত