টোল আদায় নিয়ে কথা কাটাকাটি, তরুণের লাথিতে ‘জুলাই যোদ্ধা’ নিহত
নেত্রকোনার মদনে টোল আদায়কারীর লাথিতে আবদুল বারেক (৫৫) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়

নেত্রকোনার মদনে টোল আদায়কারীর লাথিতে আবদুল বারেক (৫৫) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল বারেক মদন উপজেলার চকপাড়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করিম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার মদন পৌরসভার টোল আদায় করছিলেন আতিকুল ইসলাম। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের জুলাই যোদ্ধা আবদুল বারেকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিকুল তাঁকে লাথি মারেন। এতে আবদুল বারেক মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ হামলাকারী আতিকুল ইসলামকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে শফিকুল বলেন, ‘আমার বাবা একজন জুলাই যোদ্ধা। তাঁকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।’
মদন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন করিম বলেন, নিহত জুলাই যোদ্ধা আবদুল বারেকের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলাকারী আতিকুল ইসলাম পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত