অর্থনীতি

আরও তিন দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২২:১৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২২:৫০

BartaPrerok
প্রকাশ: ৩ মিনিটে পড়ুন
আরও তিন দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২২:১৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২২:৫০

প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও তিন দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দেশগুলো হলো হংকং, স্পেন ও জার্মানি। এসব দেশে কার্যক্রম শুরু হলে ইসির হিসাবে মোট ২০টি দেশে সরাসরি এ সেবা চালু হবে। তবে সুইডেনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরাও সেবা পাওয়ায় কার্যক্রমের আওতায় আসবে মোট ২২টি দেশ।

ইসি সূত্র জানায়, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে এনআইডি সেবা চালুর লক্ষ্যে এরই মধ্যে কমিশনের একটি কারিগরি দল সেখানে গেছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে হংকং সফর করছেন। সফরকালে তিনি সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে ভোটাধিকার, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা নিয়ে বৈঠক করবেন।

এ ছাড়া জার্মানি ও স্পেনে এ সেবা চালুর প্রস্তুতি চলছে। বুধবার জার্মানি এবং ৪ ডিসেম্বর স্পেনে পৃথক কারিগরি দল যাওয়ার কথা রয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বের ১৭টি দেশে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি কার্যক্রম চালু রয়েছে। নতুন তিন দেশে সেবা চালু হলে এ সংখ্যা বেড়ে ২০ হবে। তবে সুইডেনের দূতাবাসের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডের প্রবাসীরাও এ সেবা পান। ফলে সব মিলিয়ে ২২টি দেশের প্রবাসীরা এ কার্যক্রমের আওতায় থাকবেন।

বর্তমানে যে ১৭টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা চালু রয়েছে, সেগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইন।

নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ কারণে তাঁদের এনআইডি কার্যক্রমও ওই দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। প্রবাসীদের নিবন্ধনের আবেদন দূতাবাসে জমা নেওয়ার পর দেশে যাচাই-বাছাই ও এনআইডি ছাপানোর কাজ করে ইসি। পরে দূতাবাসের মাধ্যমে কার্ড সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ১৬০টি দেশে প্রবাসী বাংলাদেশি থাকলেও ৪০টি দেশে তাঁদের আধিক্য রয়েছে। এসব দেশে বসবাসরত প্রবাসীর সংখ্যা এক কোটি ৪০ লাখের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে—৪০ লাখ ৫০ হাজার। সবচেয়ে কম নিউজিল্যান্ডে—২ হাজার ৫০০। মূলত এই ৪০টি দেশের প্রবাসীদের বিবেচনায় রেখে এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করছে ইসি।

তবে পরিকল্পনায় থাকলেও ফ্রান্সে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু করতে পারেনি কমিশন। কয়েক মাস আগে দেশটির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। পরে দূতাবাস থেকে পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা জানানো হলে সেখানে কার্যক্রম স্থগিত করে ইসি।

চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার উদ্যোগ নেয় বর্তমান নির্বাচন কমিশন। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ শুরু হয়।

সে সময় ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু করা হয়েছিল। ‘পোস্টাল ভোটিং বিডি’ ও অনলাইন ড্যাশবোর্ড ব্যবস্থার মাধ্যমে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী নিবন্ধন করে এনআইডি পান। তাঁদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জনের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হয়। পাঠানো ব্যালটের মধ্যে ৫ লাখ ১৮ হাজারের বেশি প্রবাসী তা গ্রহণ করেন। শেষ পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেন।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন শেষে আগের ১৪টি দেশের সঙ্গে আরও পাঁচটি দেশে এ কার্যক্রম শুরু হয়। চলতি ও আগামী মাসে নতুন তিনটি দেশে সেবা চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও তা সম্প্রসারণ করতে চায় কমিশন।

দীর্ঘ আন্দোলনের পর ২০০৯ সালের নির্বাচনি আইনে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আইনি ভিত্তি তৈরি হয়। ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে পরীক্ষামূলকভাবে অনলাইনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হয়। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে শুরুতে এতে অংশগ্রহণ ছিল সীমিত। গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান কমিশন প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এ কার্যক্রমে গতি আনে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে বলেন, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল তাঁদের ভোটাধিকার নিশ্চিত করা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই দাবি পূরণে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে সব প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা যায়।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ