জাতীয়

জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা

বাংলাদেশে জলবায়ু খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
জলবায়ু বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা

বাংলাদেশে জলবায়ু খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে কপ৩১ জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ৩১ সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে নতুন একটি জলবায়ু বিনিয়োগ তহবিল ব্যবস্থায় প্রাথমিকভাবে ৪০ কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ উদ্যোগের আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া জলবায়ু দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়াতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। রোহিঙ্গা সংকটে দেশটির অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।

রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার ভূমিকা এবং সম্প্রতি কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনের জন্য যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফিকে ধন্যবাদ জানান শামা ওবায়েদ। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সারাহ কুক।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ