জাতীয়

মরক্কোর শিরোপা বাতিল, আইনি লড়াইয়ে আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেলো সেনেগাল

মাঠে জিতেও হারাতে হয়েছিল শিরোপা। অবশেষে আইনি লড়াইয়ে সেই শিরোপা ফিরে পেল সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালত (সিএএস) সেনেগালের আপিল মঞ্জুর করায় ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল হয়েছে দেশ

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
মরক্কোর শিরোপা বাতিল, আইনি লড়াইয়ে আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেলো সেনেগাল

মাঠে জিতেও হারাতে হয়েছিল শিরোপা। অবশেষে আইনি লড়াইয়ে সেই শিরোপা ফিরে পেল সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালত (সিএএস) সেনেগালের আপিল মঞ্জুর করায় ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল হয়েছে দেশটি। এর ফলে মরক্কোকে দেওয়া শিরোপা বাতিল হলো।

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত বিতর্কিত ফাইনালে অতিরিক্ত সময়ে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়ায় প্রায় দুই মাস পর সেনেগালের শিরোপা কেড়ে নেয় আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। ম্যাচের ফল ৩-০ ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন করা হয়।

সিএএফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতে আপিল করে সেনেগালের ফুটবল ফেডারেশন। শুনানি শেষে তিন সদস্যের বিচারক প্যানেল সেনেগালের পক্ষে রায় দেন। সিএএসের মহাসচিব ম্যাথিউ রিব জানিয়েছেন, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে রেফারি আইনের কোনো ভুল প্রয়োগ করেননি বলে সিদ্ধান্তে পৌঁছেছেন বিচারকেরা।

ফাইনালে বিতর্কের সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। প্রথমে সেনেগালের ইব্রাহিম সারের একটি গোল ফাউলের কারণে বাতিল করেন রেফারি। এরপর মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজকে এল হাজি মালিক দিউফের ফাউলের ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন কঙ্গোর রেফারি জ্যাঁ-জাক এনদালা।

সিদ্ধান্তের প্রতিবাদে কোচ পাপে থিয়াওয়ের নেতৃত্বে মাঠ ছেড়ে যান সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৪ মিনিট পর তারা মাঠে ফিরলে আবারও শুরু হয় খেলা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে পাপে গেয়ের দুর্দান্ত গোলে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে সেনেগাল।

কিন্তু মার্চে সিএএফ জানায়, মাঠ ছেড়ে যাওয়ার মাধ্যমে সেনেগাল ম্যাচ পরিত্যাগ করেছিল। সেই যুক্তিতে তাদের পরাজিত ঘোষণা করে মরক্কোকে শিরোপা দেওয়া হয়।

সেনেগালের ফুটবল ফেডারেশন শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। তাদের দাবি ছিল, সিএএফের এমন সিদ্ধান্ত ফুটবলে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার প্রতিষ্ঠিত নীতিকে দুর্বল করবে।

অবশেষে আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতের রায়ে বহুল আলোচিত সেই শিরোপা বিতর্কের অবসান ঘটল। মাঠের জয় ফিরে পাওয়ার পাশাপাশি আফ্রিকা কাপ অব নেশনসের দুইবারের চ্যাম্পিয়নের মর্যাদাও পুনরুদ্ধার করল সেনেগাল।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ