অর্থনীতি

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

BartaPrerok
প্রকাশ: ৩ মিনিটে পড়ুন
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ভারত থেকে দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের এই অবস্থানের কথা জানান।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী।

রয়টার্সকে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে। এরপর আইন নিজস্ব গতিতে চলবে।

তিনি জানান, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, একজন দণ্ডিত আসামি হিসেবে ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে গত এপ্রিলে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করার কথা জানিয়েছিল নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরা চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল। এর শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার দলের টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, মিয়ানমারই এই সংকট তৈরি করেছে এবং সমাধানের দায়িত্বও দেশটির। রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়কে ন্যায়বিচারের লড়াইয়ে শক্তি জোগাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন আরও জটিল হয়ে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশকে নতুন শক্তি জুগিয়েছে। মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ