পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা, এবং দেশের ইতিহাস জানার গুরুত্বের ওপর জোর দিয়ে আহ্বান জানিয়েছেন।

শুধু পাঠ্যবইয়ের পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে একজন বিবেকবান মানুষ হিসেবে নিজের পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো—কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণ বিকাশের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’
শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, পড়ালেখা শেষ করে তারা একদিন বড় হবে এবং চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষকের মতো বিভিন্ন পেশায় যোগ দেবে। তবে যে পেশাতেই যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত