আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব। ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে এ দেশে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাং সদস্যদের আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এসব হত্যা ও সহিংসতার দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের।
রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়েছেন দেশে ফেরার জন্য। তাঁর পেছনে কে শক্তি জোগাচ্ছে এবং কার ইচ্ছা ও জোরে তিনি বিমান চাইলেন, সেই প্রশ্ন রয়েছে। আইনের প্রতি সত্যিকারের সম্মান থাকলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় লড়তেন।
রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। তাদের প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেনসহ সংগঠন দুটির নেতাকর্মীরা।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত