ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৪২
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৫:৪২
কৃষকেরা ধান নিয়ে এলে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, কৃষকেরা যাতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে এক টাকা বেশি। কালাই উপজেলায় প্রায় ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে লক্ষ্যমাত্রা পূরণের পরও কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে। বাজারে ধানের দাম কম থাকায় তিনি কৃষকদের সরকারি খাদ্যগুদামে ধান দেওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় প্রশাসন, সংগ্রহ কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম তদারকি করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য। এ জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
ধান সংগ্রহে কৃষকদের হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকেরা ধান নিয়ে এলে তা সংগ্রহ করা হবে।
খাদ্যগুদামে ধান দিতে কৃষকদের হয়রানির পেছনে সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চক্র নেই। প্রতিটি সংগ্রহকেন্দ্রে ট্যাগ অফিসার রয়েছেন। কোনো সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কিংবা তাকে সরাসরি জানানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কোনো চক্রের কাছে জিম্মি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জয়পুরহাট জেলায় ৩ হাজার ৯০৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ৯৪৩, পাঁচবিবিতে ১ হাজার ৯২, আক্কেলপুরে ৬০৯, কালাইয়ে ৬৬৩ এবং ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবু তাহের, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এবং কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী প্রমুখ।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত