আইন ও অপরাধ

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছর জেল

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোতাহের হোসে

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছর জেল

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোতাহের হোসেন সুমন নামের আরেক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ফেনীর পৃথক দুটি আদালত এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মাসফিকুল হক ২০১৮ সালের ১৪ মার্চ দায়ের করা ফেনসিডিল উদ্ধারের মামলায় এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জামশেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম জামশেদ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল কুদ্দুস সওদাগরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জামশেদকে তাঁর বসতঘর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়। ওই বছরের শেষ দিকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ শুরু হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান সেলিম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। যেদিন তিনি গ্রেপ্তার হবেন, সেদিন থেকে তার সাজা কার্যকর শুরু হবে।

এদিন ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার ৪০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোতাহের হোসেন সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোতাহের হোসেন সুমন দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলাটি করেন। ৪০০ পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মামলাটি করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০০৪ সালের সংশোধিত ১০ (১) (খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এ ব্যাপারে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহির উদ্দিন মামুন বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ট্যাগসারা দেশ

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ