জনগণের ঐক্য নিশ্চিত করতে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার
ব্যক্তি বা দলের ঐক্য নয়, জনগণের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেছেন, জনগণের ঐক্য গড়তে হলে গণভোটে জনগণের দে

ব্যক্তি বা দলের ঐক্য নয়, জনগণের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেছেন, জনগণের ঐক্য গড়তে হলে গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না।
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এই সম্মেলন শেষ হয়।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন—নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মুয়াযযম হোসাইন হেলাল; নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
সংবিধান সংস্কারের ওপর জোর দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা যদি সংবিধান সংস্কার না করি, তবে দল হিসেবে হয়তো আওয়ামী লীগ আসবে না, কিন্তু নাম পরিবর্তন করে ঠিকই আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় চলে আসবে এবং তারা ফ্যাসিবাদের সুযোগ পাবে। আমরা এটি হতে দিতে পারি না। এই পথ বন্ধ করতে হবে এবং এর জন্যই আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে—একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে দুটি শপথ নিয়েছি; একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি শুধু একটির শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। এখনো সুযোগ আছে, আমরা আহ্বান জানাব—বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার সম্পন্ন করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে, যার জন্য একমাত্র সরকার দায়ী। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব হলেও তারা তা ঠিকমতো করতে পারছে না, বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। জাতি আজ জানতে চায়, কার স্বার্থে ও কাদের খুশি করতে এই উসকানি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত আর নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে তাদের পালানোর জায়গা থাকবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সে জন্য দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে সরকারের প্রতি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত