লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে ২ শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার
বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁ

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিরা বাদীর সম্পর্কে কি হন তা স্পষ্ট করেননি তিনি।
সিআইডি জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জ দিয়ে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত