অর্থনীতি

দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা

রাজশাহীর বাঘায় বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
আপডেট:
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা

রাজশাহীর বাঘায় বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান প্রধান শিক্ষিকা। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে তালা খোলা হয়।

বিদ্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে অভিযোগের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে প্রধান শিক্ষক আমিনা খাতুনের দাবি, ছবির বিষয়টি সামনে এনে তাঁকে হয়রানি করা হচ্ছে। বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে পাশের বিষ্টমণ্ডলের হাটে পেঁয়াজবাহী যানবাহন চলাচলের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরেই তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই বিষ্টমণ্ডলের হাট। পেঁয়াজের মৌসুমে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধার্থে বিদ্যালয়ের ছোট পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন হাটসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে পরিচালনা কমিটির সভাপতি এনামুল হকের বিরোধ চলছে। এনামুল হক বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিষ্টমণ্ডলের হাট কমিটিরও সভাপতি।

প্রধান শিক্ষিকা বলেন, বিদ্যালয়ের মাঠ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে প্রশাসনের কোনো লিখিত অনুমতি বা নির্দেশনা তিনি পাননি। তাই এ বিষয়ে রেজল্যুশন তৈরির উদ্যোগ নেননি। গতকাল মঙ্গলবার এ নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

আমিনা খাতুনের দাবি, বিগত সরকারের আমলে বিদ্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবিটি আঁকা হয়েছিল। পরে সাদা চুন দিয়ে তা ঢেকে রাখা হয়। গতকালও ছবিটি চুনে ঢাকা ছিল। কিন্তু আজ সকালে তিনি গিয়ে দেখেন, চুন পরিষ্কার করে ছবিটি দৃশ্যমান করা হয়েছে। তাঁর ধারণা, রাস্তা নির্মাণের বিরোধের জের ধরে তাঁকে হয়রানি করতে ছবির বিষয়টি সামনে আনা হয়েছে।

তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক দাবি করেন, দেয়ালে নতুন করে ছবিটি আঁকা হয়েছে। রাস্তা নির্মাণের বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, ‘প্রধান শিক্ষিকা কথা না শোনায় আমার লোকজন তাঁর কক্ষে তালা ঝুলিয়েছে।’

বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম জানান, সকালে তিনি বারান্দার তালা খুলে অন্য ভবন পরিষ্কারের কাজে চলে যান। কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি চুন দিয়ে ঢাকা ছিল।

খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। তাঁর মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর প্রধান শিক্ষিকার কক্ষের তালা খোলা হয়।

গোলাম রব্বানী বলেন, বিদ্যালয়ের মাঠে পেঁয়াজের হাট বসানো ও পকেট গেট বড় করার বিষয়ে ইউএনওর নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। তাঁর ভাষ্য, দেয়ালের ছবিটি পুরোনো।

বাঘার ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ ও দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা—দুই বিষয়েই অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগসারা দেশ

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ